ধর্ষক মিঠুন মজুমদারের ফাঁসির দাবিতে শিবচরে ছাত্র-যুবকদের বিক্ষোভ মিছিল

মাদারীপুরের শিবচরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মিঠুন মজুমদারের ফাঁসির দাবিতে ছাত্র-যুবকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ১১টায় সরকারি বরহামগঞ্জ কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শিবচর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত ৭১ চত্বরে এসে শেষ হয়। মিছিল চলাকালীন পথচারীরা এবং ব্যবসায়ীরাও এতে সমর্থন জানান।
মিছিল শেষে ৭১ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “ধর্ষণ একটি নৃশংস অপরাধ। মিঠুন মজুমদারসহ দেশের সব ধর্ষকের শাস্তি শুধুমাত্র মৃত্যুদণ্ড হতে হবে। যদি একজন ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে ভবিষ্যতে কেউ এমন নৃশংস অপরাধের সাহস করবে না।” তারা আরও দাবি করেন—অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
উল্লেখযোগ্য, ৮ ডিসেম্বর সকালে বাবলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ফারজানা (৭) বিদ্যালয়ে যাওয়ার পথে প্রলোভন দেখিয়ে মিঠুন মজুমদার তাকে নিজ বাড়িতে নিয়ে যায় এবং আটকে রেখে ধর্ষণ করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, এমন ঘটনা শিবচর এলাকার জন্য এক দুঃখজনক এবং চরম নিন্দাজনক। তারা আশা প্রকাশ করেছেন—দেশে ধর্ষণের মতো নৃশংস অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে। এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শিক্ষার্থী ও যুবকদের উদ্যোগে হয়েছে।
তারা জানান, এটি একটি বার্তা যে, ধর্ষককে আইনের শাসনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে সমাজে অপরাধের বিস্তার রোধ করা সম্ভব নয়।
ভোরের আকাশ/এসএইচ