জয়পুরহাটে সীমান্তে বিজিবির দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করেছে ২০ বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। সোমবার দিনব্যাপী জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। এতে কয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাড়ে ৬ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে অভিজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামুল্যে প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল ফয়সল হাসান খান বলেন, "সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সব সময় সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে কাজ করে আসছে। যেকোনো সংকট ও মানবিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিজিবি অঙ্গীকারবদ্ধ। এ ধরনের কার্যক্রম বিজিবি ও স্থানীয়দের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করেন তিনি।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সভাপতিত্বে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন হোসনে আরা আক্তার এবং সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ক্যাম্পে আশা রোগীরা ফ্রি তে চিকিতসা ও ওষুধ পেয়ে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ভোরের আকাশ/ এনউব