সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এবার ১৩৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজাকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন মণ্ডপে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। কোথাও প্রতিমার কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে, কোথাও চলছে মাটির প্রলেপ ও শুকানোর কাজ। আবার কোনো কোনো মণ্ডপে প্রতিমায় রং ও সাজসজ্জার কাজও শুরু হয়েছে। ফলে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা।
উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপ নির্মাণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্যান্ডেল সাজানো ও আলোকসজ্জার প্রস্তুতিও চলছে পুরোদমে। পূজার সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আয়োজকদের ব্যস্ততা।
প্রতিমা তৈরির কাজে নিয়োজিত কারিগররা জানান, প্রথমে বাঁশ, কাঠ ও খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করা হয়। এরপর তাতে মাটির প্রলেপ দেওয়া হয়। মাটি শুকিয়ে গেলে প্রতিমায় রং করা এবং পোশাক, অলংকার ও বিভিন্ন সাজসজ্জার কাজ সম্পন্ন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তাদের অতিরিক্ত সময় ধরে কাজ করতে হচ্ছে।
প্রতিমা কারিগর ভুট্টু চন্দ্র বলেন, পূজার সময় ঘনিয়ে আসায় কাজের চাপ বেড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে আমরা দিন-রাত পরিশ্রম করছি।
পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক আল্পনা ঘোষামী বলেন, উপজেলায় ১৩৫টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে নিজস্ব উদ্যোগে প্রস্তুতি চলছে। নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হবে বলে আশা করছি।
এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পূজা উদ্যাপন সংশ্লিষ্টরা জানান, প্রতিমা তৈরি, মণ্ডপ নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ হওয়ার পর শুরু হবে পূজার আনুষ্ঠানিক আয়োজন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হবে। উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে আয়োজকরাও প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গাপূজাকে ঘিরে প্রতিবছরই সুন্দরগঞ্জে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এবারও উপজেলার ১৩৫টি মণ্ডপে পূজা আয়োজনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ভোরের আকাশ/আ.র