পীরগঞ্জ
আবু সাঈদ এর কবর জিয়ারত করলেন : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আবু সাঈদসহ সব শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব ইনশল্লাহ। জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমরা ন্যায়, ইনসাফ ও জবাব দিহিতার বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। তরুণ ও যুবক ভোটারদের উদ্দেশ্যে আমিরে জামায়াত বলেন, যুবকদের কথা দিচ্ছি আল্লাহ আমাদের তাওফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। এই সমাজের চাবি এবং নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে তোমাদেরকে শক্তি ও সাহস যোগাব। তোমাদেরকে সমর্থন ও ভালোবাসা দিয়ে যাব।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে বুকে জড়িয়ে ধরে সান্তনা দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আবু সাঈদের বাড়ির উঠানে দাঁড়িয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফল ঘরে তুলতে যুবকদের প্রস্তুত হবার আহ্বান জানিয়ে তিনি আরওব লেন, তোমরা তৈরি হও। আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক। তোমরা তোমাদের পছন্দ মতো ভোট দেবে। কেউ যেন তোমাদের ভোট নিয়ে হেলাফেলা করতে না পারে, এজন্য জুলাই যোদ্ধা হয়ে তোমাদেরকে আরেকবার লড়তে হবে। জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা তা করতে পারবে। আমাদের যুবকরা যে অঙ্গীকার নিয়েছে, তাঁর কাজ কেবল শুরু হয়েছে, এখনো শেষ হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৬ আসনের ১০দলীয় জোটের প্রার্থী মাওলানা নুরুল আমিন, রংপুর-৪ আসনের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহসহ জামায়াত-শিবিরের নেতারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ।
ভোরের আকাশ/র.ই