কুষ্টিয়ায় মাদক কারবারি গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আব্দুস সালাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এ অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি টিম মিরপুর থানাধীন বুরাপাড়া গ্রামে আব্দুস সালামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর তল্লাশি করে ৭৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আব্দুস সালামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ বাদী হয়ে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/ এনউব