বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তার (২৭) হত্যা মামলায় স্বামী ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ইসমাইল পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল ওরফে সাগর মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার উত্তর সরারচর গ্রামের মৃত আয়েত আলীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকেই ঝর্ণা আক্তারকে তার স্বামী নির্যাতন করতেন।
২০১৬ সালের ১২ এপ্রিল সন্ধ্যায় ঝর্ণা আক্তার তার বাবার বাড়িতে রান্না করার সময় স্বামী ইসমাইলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল ছুরি দিয়ে ঝর্ণা আক্তারকে আঘাত করেন।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ঝর্ণা আক্তারকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা জাহেরা বেগম বাদী হয়ে বাজিতপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দেন।
ভোরের আকাশ/সু.পা