জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুর পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা

ফরিদপুর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত মদন গোপাল আঙিনায় এ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুকেশ সাহা। এতে বক্তব্য রাখেন বিধান কুমার সাহা, সিতাংশু মিত্র কিংকর, ননীগোপাল বিশ্বাস, রাম দত্ত, শ্যামল কর্মকার, প্রকাশ স্বরূপ অপু, অজয় রায়, ভীম চাঁদ মণ্ডল, সুদীপ্ত সাহা, অ্যাডভোকেট চিরঞ্জীব মিত্র, প্রীতি কণা রাহা, দেবাশীষ সাহা বাপ্পি, সজল সাহা, উৎপল দত্ত, রাণীগোপাল সাহা, দুর্গা প্রসাদ সাহা ও প্রদীপ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপনের সিদ্ধান্ত নেন। এ উপলক্ষে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা আয়োজন করা হবে। শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে বলে সভায় জানানো হয়। এছাড়া কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জন্মাষ্টমী উদযাপনের সকল কার্যক্রম পরিচালনা করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তুতিমূলক সভায় জন্মাষ্টমী উপলক্ষে একটি উদযাপন কমিটি গঠনের বিষয়েও আলোচনা করা হয়।
এ সময় বক্তারা সম্প্রতি রংপুরে গণপতি চক্রবর্তীর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
পরে নিহত পরিবারের সদস্যদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় ফরিদপুর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব