কেকেবিএইউ’র আইএসএলএম বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড পাথওয়ে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো: আনিসুর রহমান।
তিনি বলেন, বিশ্বব্যাপী নানা ঘটনা ও পরিবর্তিত পরিস্থিতির কারণে কর্মক্ষেত্রের ধরন ও চাহিদায় পরিবর্তন আসছে। নতুন নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি হওয়ার পাশাপাশি দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তাও বাড়ছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ নতুন সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও তৈরি করছে।
পরিবর্তিত এ বাস্তবতায় শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হতে হবে। তিনি আরও বলেন, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এমন একটি বিষয়, যার মধ্যে শিক্ষা ও গবেষণার বহুমুখী সুযোগ রয়েছে। ফলে সময়ের সঙ্গে এ বিষয়ের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। খুলনা ও বরিশাল বিভাগের মধ্যে একমাত্র কেকেবিএইউতে আইএসএলএম বিভাগ রয়েছে। স্নাতক শিক্ষার পাশাপাশি ভবিষ্যতে মাস্টার্স ও পিএইচডি কার্যক্রম চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন স্বনামধন্য শিক্ষক ও গবেষক কেকেবিএইউর আইএসএলএম বিভাগের পাঠ্যক্রম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সেমিনারে তাঁদের উপস্থাপনা শিক্ষার্থীদের নতুন প্রেরণা ও দিকনির্দেশনা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের প্রফেসর ড. মো: মাহবুবুল ইসলাম। তাঁরা তাঁদের উপস্থাপনায় বিশ্বব্যাপী উচ্চশিক্ষার পরিবর্তিত গতি ও প্রকৃতি, দক্ষ জনশক্তির চাহিদা, ভবিষ্যৎ সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পরে তাঁরা সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো: মিজানুজ্জামান। আইএসএলএম বিভাগের প্রধান (ইনচার্জ) ফারজানা শারমিন আনিকা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রভাষক আহসান উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো: নাজিম। সেমিনার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত দুইজন বিশেষ অতিথিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং আইএসএলএম বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব