শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী
বগুড়ায় কয়েকশ দুস্থ মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় কয়েকশ অসহায় ও দুস্থ মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে জেলা বিএনপি।
শনিবার (৩০ মে) বেলা ১২টায় শহরের নবাববাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে নবাববাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে সকাল ৮টা ৩০ মিনিটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।
সকাল ১০টায় শহরের দত্তবাড়ী এলাকায় অবস্থিত এজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা কর্মসূচি পালন করা হয়। এরপর বেলা ১২টায় কয়েকশ অসহায় ও দুস্থ মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়।
জেলা বিএনপির নেতারা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মানবিক কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম ও জয়নাল আবেদীন চান।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসারফ হোসেন এমপি, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমিসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এম