জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র ও বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; এটি দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সংগ্রামের ফল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘দিবসটির তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিবাদী শাসনের সময় ঘটে যাওয়া নানা ঘটনা দেশের মানুষের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিশ্চিত করা সব রাজনৈতিক শক্তির দায়িত্ব।
তিনি বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা, চট্টগ্রাম ও কক্সবাজারে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করছেন তিনি। গত এক সপ্তাহ ধরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন ও সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত রয়েছেন। সেই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সফরেও অংশ নেন তিনি।
প্রতিকূল যাতায়াত পরিস্থিতির মধ্যেও নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত হতে পারায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, গণতন্ত্রের সংকট, দমন-পীড়ন, গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভই একসময় গণ-অভ্যুত্থানে রূপ নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা।
এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আজিজী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মো. নুরুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
ভোরের আকাশ/জেআ