মাদারীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মাদারীপুরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যা লি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যা লি শেষে সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সুফল গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, জনসচেতনতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পল্লী উন্নয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মাদারীপুরের উপপরিচালক মো. হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, মেডিকেল অফিসার ডা. সরদার মোহাম্মদ খলিলুজ্জামান এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সী। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির মাঠ পর্যায়ের কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিআরডিবির মাঠ পর্যায়ে কর্মরত ছয়জন শ্রেষ্ঠ মাঠ সংগঠককে পুরস্কৃত করা হয় এবং একই সঙ্গে বিআরডিবির বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির আওতায় নির্বাচিত ছয়জন শ্রেষ্ঠ উপকারভোগীর হাতে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিরা।
ভোরের আকাশ/ র.ই