ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব
৫০ বছর পূর্তিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
মঙ্গলবার (৩০ জুন) ৫০ বছর উদযাপন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস ক্লাব সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন- প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব মো. বাহারুল ইসলাম মোল্লা, প্রেস ক্লাব কর্মকর্তা ও উদযাপন কমিটির সদস্য ইব্রাহিম খান সাদাত, সৈয়দ রিয়াজ আহমেদ অপু, মোশাররফ হোসেন বেলাল, ফরহাদুল ইসলাম পারভেজ, মোজাম্মেল চৌধুরী, শাহজাহান সাজু প্রমুখ।
সভায় নানা আয়োজনে জাঁকজমকপূর্ণ ৫০ বছর উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে কৃষি ও পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও উন্নয়ন এবং অপরাধ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ৩টি ক্যাটাগরিতে সেরা তিন সাংবাদিককে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। জেলার সকল সাংবাদিক এতে অংশ নিতে পারবেন।
জাতীয় পর্যায়ের সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে ২০২৫ সালের ১ জুলাই থেকে জুন- ২০২৬ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচ্য হবে। বিশেষ/ অনুসন্ধানী/এক্সক্লুসিভ প্রতিবেদন আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জমা দিতে হবে।
পুরস্কার আগামী জানুয়ারি- ২০২৭ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক জাবেদ রহিম বিজন ভোরের আকাশকে বলেন, 'অর্ধ শতাব্দী একটা লম্বা সময়ের ব্যাপার। এটা যেকোনো সংগঠনের জন্য একটি গর্বের বিষয়।
বিশেষত গণমাধ্যমকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রেস ক্লাবের গুরুত্ব অপরিসীম। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব দেশের অন্যতম একটি প্রেস ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছে।'
গণমাধ্যমকর্মীদের একটি পরিবার হিসেবে মনে করেন তিনি।
ভোরের আকাশ/ র.ই