পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ১৬ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড উৎসব।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীদের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫ এর বৃহত্তর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, কলামিস্ট ও লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অলিম্পিয়াডে বৃহত্তর বরিশাল বিভাগ ও গোপালগঞ্জ জেলাসহ মোট ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৩ জন শিক্ষার্থীরা এ গণিত অনুষ্ঠানে অংশ নেন।
গোপালগঞ্জ সাইন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরা সুলতানা বলেন, গণিত অলিম্পিয়াডে প্রথমবার এসেছি। গণিত আমার একটি পছন্দের সাবজেক্ট। গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। গণিত অলিম্পিয়াডে ইউনিক ম্যাথগুলো দেয়, যেগুলো আমরা সচরাচর করি না। এ ধরনের কম্পিটিশনে অংশগ্রহণ করলে বোঝা যায় আমাদের সৃজনশীলতা কতটুকু।
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, গণিত চিন্তার পার্থক্য তৈরি করে। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। প্রতিবছর এরকম একটি আয়োজন হওয়া দরকার। তাহলে আমাদের মত শিক্ষার্থীরা নিজেদের যাচাই করার সুযোগ পাবে।
ভোরের আকাশ/এসএইচ