ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশসহ নিহত ২

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সুতিপাড়া-বাটুলিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা তারেক হোসেন মল্লিক। সে পুলিশ হেডকোয়ার্টারে কনস্টেবল পদে কর্মরত ছিলেন । অপর জন সিংশ্রী গ্রামের বাসিন্দা কুদ্দুস (৫৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে সুতিপাড়া-বাটুলিয়া সড়কে একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য তারেক হোসেন ও বাইসাইকেল আরোহী কুদ্দুস সড়কে পড়ে যায়। এসময় পিছন থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় পুলিশ সদস্য ও বাইসাইকেল আরোহীর। পরে স্থানীয়রা ধামরাই থানা পুলিশের খবর দেয়।
এ ঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার ভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে। তবে নিহতদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ভোরের আকাশ/নি