চাঁদপুরে পুলিশ পরিচয়ে অটোরিকশাচালককে জিম্মি করে টাকা আদায়, আটক ৪

চাঁদপুরে পুলিশ পরিচয় দিয়ে এক অটোরিকশাচালককে ফ্ল্যাটে আটকে মারধর এবং এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাশাপাশি ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে।
বুধবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী অটোরিকশাচালক সাইফুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে চাঁদপুর শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে পুলিশ পরিচয়ে সাইফুলের পথ রোধ করেন অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি। পরে তাঁকে জোরপূর্বক পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাঁকে মারধর করা হয় এবং এক নারীর সঙ্গে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি। এ সময় সাইফুলের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা আদায় করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জিম্মি থাকা অবস্থায় কৌশলে নিজের এক স্বজনকে ফোন করে পুরো বিষয়টি জানান সাইফুল। ওই স্বজনের মাধ্যমে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। এ সময় ফ্ল্যাট থেকে চার নারীকে আটক করা হলেও চক্রের মূল পুরুষ সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আটক চার নারীকে আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং অতীতে তারা এ ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ এনউব