চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’ উদ্বোধন

চোরাচালান, অপরাধপ্রবণতা ও মাদকের ভয়াবহতা কমিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার বেকার তরুণ-যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৯ ব্যাটালিয়নের (মহানন্দা ব্যাটালিয়ন) উদ্যোগে বুধবার দুপুরে জেলার ভোলাহাট উপজেলার আলালপুর দারুল সুন্নাহ দাখিল মাদরাসায় এই স্কিল সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেন্টারের আওতায় প্রথম ধাপে ২৫ জন সীমান্ত এলাকার বেকার যুবককে নিয়ে মাসব্যাপী ‘বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। বিজিবি আশা করছে, এই প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে, যা সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্কিল সেন্টারের উদ্বোধন করেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, গত জুলাই মাস থেকে বিজিবির বিভিন্ন ইউনিটে এ ধরনের ডিজিটাল স্কিল সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় মোবাইল ফোন সার্ভিসিং, বেসিক ইলেকট্রিক্যাল ও হাউস ওয়্যারিং, ফ্রিল্যান্সিং এবং হাঁস-মুরগি পালনের মতো বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, কেবল বেসিক প্রশিক্ষণ দিয়েই ক্ষান্ত না থেকে পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তর ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সাথে সমন্বয় করে প্রশিক্ষণার্থীদের উচ্চতর প্রশিক্ষণ ও স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অদক্ষ ও অলস যুবসমাজ যেন চোরাকারবারি বা মাদকের দিকে ঝুঁকে সমাজের বোঝায় পরিণত না হয়, সে উদ্দেশ্যেই বিজিবি শিবগঞ্জের পর এবার ভোলাহাটে এই উদ্যোগ নিয়েছে এবং পর্যায়ক্রমে সীমান্ত এলাকার অন্যান্য স্থানেও এই প্রশিক্ষণ কার্যক্রম বিস্তার করা হবে।
ভোরের আকাশ/ এনউব