কমলনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ মাগরিব উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাজিরহাট বাজারে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি হাজিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা সেক্রেটারী এ আর হাফিজ উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলার সহ-সভাপতি মাওলানা হুমায়ূন কবির, কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের এবং সাবেক শিবির নেতা ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় অন্য নেতারা।
সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডব স্মরণ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করে বলেন, "২৮ অক্টোবরের পরিকল্পিত হামলায় আমাদের ৬ জন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ ঘটনার প্রধান নির্দেশদাতা শেখ হাসিনাসহ জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।"
বক্তব্যে এই সময় আর হাফিজ উল্লাহ বলেন, মানুষ মনে করেছিল জুলাই বিপ্লবের পর যে সরকার আসবে সে সরকার মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে। বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে কিন্তু আমরা দেখতে পেলাম সরকার তা না করে নিজেদের দলীয়করণের ব্যস্ত রয়েছে। তার মধ্যে সরকার জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়ে তা প্রমাণ করেছে।
সারের ডিলার নিয়োগে সরকার দলীয়করণ করেছে কৃষকরা সার পাচ্ছে না স্যার নিয়ে সিন্ডিকেট করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে সব রাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের ফাঁসির দাবি জানান।
ভোরের আকাশ/ এনউব