বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ অনুষ্ঠিত

"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই স্লোগানকে সামনে রেখে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে দিনব্যাপী 'প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬' মিল্ক ফিডিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নুরানি মোড় ঘুরে প্রদর্শনী প্রাঙ্গণে এসে শেষ হয়।
মেলায় ছয়টি ক্যাটাগরিতে মোট ৪০টি স্টলে বগুড়া সদর উপজেলার খামারি, নারী উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উন্নত জাতের প্রাণী, আধুনিক প্রযুক্তি ও সফলতার চিত্র তুলে ধরেন। প্রদর্শনীতে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী, ভ্যালু অ্যাডেড পণ্য প্রক্রিয়াজাতকারী, ওষুধ ও গো-খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিও অংশ নেয়। দিনব্যাপী বিনামূল্যে প্রাণিসম্পদ সেবা ও পরামর্শ প্রদানের পাশাপাশি সমাপনীতে মেলার অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রদর্শনীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা বলেন, "বগুড়াকে মৎস্য ও প্রাণিসম্পদে আরও এগিয়ে নিতে গাবতলীতে মিল্ক ভিটার নতুন শাখা এবং একটি ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপন করা হবে।"
তিনি আরও বলেন, "সম্প্রতি এশিয়া সুইটমিট, টিএমএসএস ও আচারী ফুড—এই তিনটি প্রতিষ্ঠান স্বর্ণপদক অর্জন করেছে এবং জেলাটি বছরে ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন করে আমিষের চাহিদা পূরণে সফল ভূমিকা রাখছে। খামারিরা যেভাবে পশুপাখিকে সন্তানের মতো লালন-পালন করেন, সরকার সবসময় সেই পরিশ্রমী উদ্যোক্তাদের পাশে থেকে বগুড়াকে 'দুধে-ভাতে' সমৃদ্ধ জেলায় রূপান্তর করতে কাজ করে যাবে।"
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, "কেবল অন্যের সাফল্য বা বিলাসিতা না দেখে সেই সাফল্যের পেছনের দীর্ঘ পথচলা, ত্যাগ ও কঠোর পরিশ্রমকে মূল্যায়ন করতে হবে। চাকরির পেছনে না ছুটে স্বাধীনভাবে নিজ পছন্দের কাজে পরিশ্রম করলে প্রাণিসম্পদ খাতে স্বাবলম্বী হওয়া ও উপার্জনের বিশাল সুযোগ রয়েছে।" প্রোটিন ও আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।
স্বাগত বক্তব্যে বগুড়া জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কাজী আশরাফুল ইসলাম বলেন, "জাতীয় প্রাণিসম্পদ পুরস্কারে বগুড়ার তিনটি পদক অর্জন, বগুড়ার দইয়ের জিআই স্বীকৃতি এবং আধুনিক স্লটার হাউস নির্মাণের উদ্যোগ জেলাটির প্রাণিজ খাতের শক্তিশালী ভিত্তির প্রমাণ দেয়।"
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল ওয়াজেদ, সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার চেয়ারম্যান এইচ এস মাফতুন আহম্মেদ খান রুবেল এবং সাধারণ সম্পাদক মোঃ শেখ তাহাউদ্দিন নাহিন।
আলোচনা সভা শেষে কোমলমতি তিন স্কুলছাত্রীকে দুধ ও ডিম খাইয়ে স্কুল মিল্ক ফিডিং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। এরপর সবাই প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
আয়োজকরা জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে ফ্রি ভেটেরিনারি মেডিকেল টিম, টিকাদান, কৃত্রিম প্রজনন, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্কুল মিল্ক ফিডিং এবং নারী উদ্যোক্তা সমাবেশসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: রায়হান।
ভোরের আকাশ/সু.পা