চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা

শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল।
চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ তিন দফা দাবিতে সোমবার (১৮ মে) সকাল ১১টা থেকে মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ মে রাতে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক হাই রিস্ক রোগীর স্বজন ও স্থানীয় কিছু দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি এবং বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার প্রতিবাদ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা ২৪ ঘণ্টার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
সংগঠনের দাবির মধ্যে রয়েছে— হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, চিকিৎসক সুরক্ষা আইন দ্রুত কার্যকর করা এবং হাসপাতালে জনবল সংকট দূর করার পাশাপাশি অতিরিক্ত রোগী ভর্তি নিয়ন্ত্রণ ও কার্যকর রেফারেল ব্যবস্থা চালু করা।
চমেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. সাকিব হাসান বলেন, এটি মূলত ২৪ ঘণ্টার প্রতীকী কর্মবিরতি। দাবি পূরণ না হলে দেশের অন্যান্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সংগঠনের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
ভোরের আকাশ/ র.ই