চট্টগ্রামে কড়া নিরাপত্তা, মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকে ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে চট্টগ্রামজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চলছে তল্লাশি। ভারী অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
রোববার ও সোমবার (১৬ ও ১৭ নভেম্বর) রাতে ও সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এ দৃর্শ দেখা গেছে। এসময় মোড়ে মোড়ে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সিএনজিচালিত, অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনকে তল্লাশি করা হয়। তবে এসময় কাউকে আটক ও অবৈধ কিছু উদ্ধারের তথ্য পাওয়া যায়নি।
এদিকে নগরীর প্রবেশমুখ সিটি গেট, শাহ আমানত সেতু, চৌমুহনী, টাইগারপাস, চকবাজার, বাকলিয়া এক্সেস রোড জামালখান, কাজীর দেউড়ি, প্রবর্তক, গোলপাহাড় ও জিইসি মোড়ে পুলিশকে তল্লাশি চালাতে দেখা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীতে একশটি পয়েন্টে বিশেষ চেক পোস্ট বসানো হয়েছে।
এদিকে গত মঙ্গলবার দুপুরে এক বেতার বার্তায় টহল ও থানা পুলিশকে অস্ত্রধারী সন্ত্রাসী দেখামাত্র ব্রাশফায়ারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুর্বৃত্তরা যাতে কোনো প্রকার নাশকতা করতে না পারে সেজন্য নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন এলাকায় টহল, চেকপোস্টের পাশাপাশি সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
অপরদিকে, এত নিরাপত্তার মধ্যে বাস ও ভূমি অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) রাতে নগরীর পতেঙ্গা এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। আগুনে পুরো বাসটি পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।
অপরদিকে আজ (সোমবার) ভোরে কোতোয়ালি থানার লাভ লেন এলাকায় মেট্রোপলিটন সদর সার্কেল ভূমি অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ভোরের আকাশ/মো.আ.