মেহেরপুরে কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন : মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা-মা আহত

মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে সায়ন নামের এক যুবকের বিরুদ্ধে। হামলায় ওই তরুণীর ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে তার বাবা ও মাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
বুধবার (২৬ আগস্ট) রাত দেড়টার দিকে লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার। হামলায় স্মৃতি আক্তারের ডান হাত কবজির ওপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত তিনজনকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করা হয়।
অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে সায়ন সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করেন। এরপর তার মেয়ে স্মৃতি আক্তারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। একপর্যায়ে স্মৃতির ডান হাতে কোপ দিলে কবজির ওপর থেকে হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়।
স্মৃতির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালান সায়ন। এতে সেলিম হোসেন ও রেবেকা খাতুন আহত হন। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত যুবক।
হামলার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত সায়নকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও পূর্ববিরোধের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।”
ভোরের আকাশ/সু.পা