খাগড়াছড়িতে শিশু ইউসুফ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলায় ১০ বছর বয়সী শিশু ইউসুফ রানা হত্যা মামলায় হযরত আলী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর আসামি মো. রমজান আলীকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও স্পেশাল দায়রা জজ শায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সৃজনী ত্রিপুরা সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শিশু হত্যার মতো নৃশংস অপরাধে আদালতের এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে গুইমারা উপজেলার বড়পিলায় শিশুদের খেলার সময় এক শিশুর ডান হাতে ব্যথা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনার জেরে ১০ বছর বয়সী ইউসুফ রানাকে ধাওয়া করেন অভিযুক্তরা। একপর্যায়ে তাকে জঙ্গলে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে হত্যার ঘটনা আড়াল করতে তার মরদেহ শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা হয়।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন। এতে হযরত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও অপর আসামি রমজান আলীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ভোরের আকাশ/রই