শ্রীপুরে সিলিন্ডার বিস্ফোরণে হোটেলসহ ১৪ বসতঘর পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে দুবাই প্রবাসীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে দুবাই প্রবাসী নিশাত ঢালীর বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রবাসীর স্বজন বাবুল মিয়া জানান, দেড় বছর আগে দুবাই প্রবাসী নিশাত ঢালী ১৩টি বসত ঘর ও দুটি দোকানসহ এ বাড়িটি কিনেন। বাড়ির ঘর গুলো স্থানীয় বিভিন্ন গার্মেন্টস্ কারখানার শ্রমিকদের কাছে ও দুটি দোকানের একটিতে খাবার হোটেল ভাড়া দেওয়া হয়েছিল।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ভাড়া দেওয়া খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে হোটেলে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পেছনে থাকা বসত বাড়ির ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করে, পাশাপাশি শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ততক্ষণে আগুনে প্রত্যেকটি বসত ঘর, ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আগুন লাগার ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ভোরের আকাশ/সু.পা