লোহাগাড়ায় যুবক নিখোঁজ, উদ্ধারে পুলিশের তৎপরতা

চট্টগ্রামের লোহাগাড়ায় বিচারিক কার্যক্রমে সহযোগিতার কথা বলে ডেকে নেওয়ার পর মুহাম্মদ রিদুওয়ানুল হক (২৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত রোববার (১১ অক্টোবর) সকালে অপরিচিত দুই ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে আমিরাবাদের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে তাঁর পরিবার।
নিখোঁজ রিদুওয়ানুল হক উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমির খান চৌধুরী পাড়ার সৈয়দ আহমদের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুই ব্যক্তি বিচারিক কার্যক্রমে সহযোগিতা করার কথা বলে রিদুওয়ানুলকে আমিরাবাদের স্থানীয় এক নেতার কাছে যেতে অনুরোধ করেন। পরে তিনি ওই দুই ব্যক্তির সঙ্গে নিজের মোটরসাইকেলে রওনা হন। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের আর যোগাযোগ হয়নি। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
রিদুওয়ানুলের স্ত্রী রুশ্মি আক্তার জানান, স্বামীর নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁরা থানায় অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে তদন্ত করেছে। তবে এখনো তাঁর স্বামীর সন্ধান মেলেনি। তাঁকে খুঁজে বের করতে পুলিশের তৎপরতার কথা জানানো হয়েছে। এ ঘটনায় তাঁরা আইনি সহায়তা চেয়েছেন।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই লুৎফর বলেন, নিখোঁজ রিদুওয়ানুল হকের পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ রাতে তাঁর বাড়িতে গিয়ে তদন্ত করেছে।
এদিকে, স্থানীয় একটি সূত্র জানায়, রিদুওয়ানুল লোহাগাড়া মোস্তাফা সিটির একটি সিসিটিভি ক্যামেরার দোকানে চাকরি করতেন। ওই দোকান থেকে চারটি ক্যামেরা চুরির ঘটনায় তাঁকে জড়ানো হয়েছিল বলে সূত্রটি দাবি করেছে।
এ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর বিরোধ ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটে বলে জানা গেছে। তবে ক্যামেরা চুরির ঘটনা ও রিদুওয়ানুলের নিখোঁজ হওয়ার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভোরের আকাশ/সু.পা