বাঁশখালীর বন্যাদুর্গত পরিবারের মাঝে মনজিল সংস্থার পুনর্বাসন সামগ্রী বিতরণ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসনে এগিয়ে এসেছে সামাজিক ও মানবিক সংগঠন মনজিল সংস্থা। সংস্থার উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিনসহ বিভিন্ন পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার জলদী পৌরসভার চৌধুরী নিউ মার্কেটস্থ গ্লোবাল আইডিয়াল স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত ৫০টি পরিবারের হাতে পুনর্বাসন সহায়তা হিসেবে ঢেউটিন তুলে দেওয়া হয়।
পুনর্বাসন কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, মনজিল সংস্থার সভাপতি ডা. মুহাম্মদ আলাউদ্দিন, প্রবাসী ব্যবসায়ী আলহাজ মাওলানা রহিম উদ্দিন, আলহাজ মাওলানা হাফিজুর রহমান, গ্লোবাল আইডিয়াল স্কুলের পরিচালক ও তরুণ সমাজসেবক এম. মোবারক হোছাইন আসিফ, মুহাম্মদ আনাস, ডা. আবুবকর ছিদ্দিক এবং ওমর ফারুকসহ সংস্থার অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
পরে মনজিল সংস্থার প্রতিনিধি দল বন্যাকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কাথরিয়া চুনতি বাজার, বাহারছড়া এলাকা ও বাহারছড়া বাজারে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টি-শার্টসহ বিভিন্ন পোশাক সামগ্রী বিতরণ করা হয়।
সংস্থার নেতৃবৃন্দ জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ভবিষ্যতেও পুনর্বাসন ও সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ভোরের আকাশ/এনউব