বাঘায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহীর বাঘায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা এলাকার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে থেকে বোতল দুটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে খোর্দ্দ বাউসা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে একটি শপিং ব্যাগে দুটি কাচের বোতল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বোতল দুটির ভেতরে পেট্রোলসদৃশ তরল পদার্থ ছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বাঘা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে বোতল দুটি জব্দ করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সু-প্রভাত মন্ডল বলেন, ঘটনাস্থল থেকে দুটি বোতল উদ্ধার করা হয়েছে। কে বা কারা বোতলগুলো রেখে গেছে, তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ কাজ করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।