ঈশ্বরদীতে তিন বছরের শিশুকে ধর্ষণ

পাবনার ঈশ্বরদীতে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে শহরের দক্ষিণ নারিচা বকুলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রানা ওই এলাকার বাবুর আলীর ছেলে। সম্পর্কে সে শিশুটির খালু বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা ঈশ্বরদী ইপিজেডের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার দিন সকালে তিনি তার তিন বছর বয়সী কন্যাকে বড় বোনের (শিশুটির খালা) জিম্মায় রেখে কর্মস্থলে যান। তার বড় বোন স্বামী রানার সঙ্গে ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
এজাহারে উল্লেখ করা হয়, ওইদিন বিকেলে শিশুটিকে ঘরে ঘুমিয়ে রেখে বড় বোন (শিশুটির খালা) গোসল করতে যান। কিছু সময় পর শিশুটির কান্নার শব্দ শুনে তিনি ঘরে এসে তাকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। পরবর্তীতে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে এবং শিশুটির শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা হয়। পরে কর্মস্থল থেকে ফিরে শিশুটির মা বিষয়টি জানতে পারেন এবং থানায় যান।
পরবর্তীতে পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ র.ই