গাইবান্ধায় ৩০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
গাইবান্ধা সদর উপজেলায় ঘাঘট নদীতে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকা মূল্যের ৩০টি চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার।

এর আগে, গতকাল বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত ঘাঘট নদের নারায়নপুর ছড়া এবং মরা ঘাঘট নদীর নারায়নপুর অংশে এ অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করে পুরিয়ে ফেলা হয়।

সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার বলেন, নদীসহ বিভিন্ন জলাশয়ে বেশ কিছুদিন ধরে সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত চায়না দুয়ারি জাল ব্যবহার করে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করা হচ্ছে। এসব জালে শুধু ছোট বড় মাছই নয়, শামুক, কাকড়া, কুচো, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী আটকে পড়ে মারা যাচ্ছে। এর ফলে ধ্বংস হচ্ছে প্রাণবৈচিত্র, ক্ষতি হচ্ছে প্রকৃতিক পরিবেশের। সরকারি নির্দেশনায় জীববৈচিত্র ও মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।
এতে সদর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এ এস আই) ওসমান আলীসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
ভোরের আকাশ/এসএইচ