সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও পোনা অবমুক্ত

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়।
উপজেলা প্রশাসন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপজেলা কমিটির আয়োজনে র্যালিটি উপজেলা মাঠের সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সংরক্ষিত পুকুরে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর কাওসার হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফান রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবহার এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি ও সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, জলাশয় রক্ষা, মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধ করা গেলে মৎস্য উৎপাদনে আরও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ভোরের আকাশ/সু.পা