আরসা সদস্যের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পে যুবক আহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে গুলিতে মো. সাবের (২৫) নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে উখিয়ার ক্যাম্প-১০-এর ব্লক-এইচ-৪৫ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাবের ক্যাম্প-১০-এর ব্লক-জি-২৬-এর বাসিন্দা মোহাম্মদ আইয়ুব আলীর ছেলে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) সদস্য জাফরের নেতৃত্বে কয়েকজন অস্ত্রধারী সাবেরকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, অভিযুক্ত জাফর ক্যাম্প-১০-এর ব্লক-এইচ-৪২-এর হেড মাঝি তোহার সঙ্গে সাংগঠনিকভাবে সম্পৃক্ত। জাফর মো. শুক্কুরের ছেলে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ সাবেরকে পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্যাম্প-১০ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা গুলি চালিয়েছে। এতে একজন রোহিঙ্গা নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে এ ঘটনায় আরসার সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। ঘটনার পর ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।
ভোরের আকাশ/সু.পা