খুলনায় বাস-মোটরসাইকেলের মর্মান্তিক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নববর্ষের দিনে খুলনায় ঘটে গেলো এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা। মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টায় খুলনার রেলিগেট–মানিকতলা সড়কের মাঝামাঝি স্থানে হামিদা মঞ্জিল সংলগ্ন এলাকায় ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, “রয়েল পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস ফুলবাড়ী গেটের দিক থেকে দ্রুতগতিতে আসছিল। একই সময়ে দৌলতপুর থেকে একটি মোটরসাইকেলে স্বামী-স্ত্রী ফুলবাড়ীগেটের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করেই হামিদা মঞ্জিল সংলগ্ন ওই এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয়রা।
দুর্ঘটনার পরপরই বাসের চালক, হেলপারসহ সংশ্লিষ্ট সকল স্টাফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত “রয়েল পরিবহন” বাসটি আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/এসএইচ