চুয়াডাঙ্গার বেনীপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ পাঁচজন আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতীয় পুলিশের বিরুদ্ধে। বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয় বলে জানা গেছে। পরে জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক পাঁচজনের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।
স্থানীয়দের দাবি, সীমান্ত দিয়ে পুশইনের পর ওই পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে, বেনীপুর সীমান্ত এলাকায় সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে হাসিবুল ও আসমাউল নামে দুই ব্যক্তির নাম স্থানীয়দের কাছ থেকে পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব এবং কীভাবে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঁচজনের মধ্যে কেউ ভারতীয় নাগরিক কি না—জানতে চাইলে ওসি বলেন, “একজন হিন্দি ভাষায় কথা বলছেন এবং তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।” এ বিষয়ে ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, “এ বিষয়ে আমি এখন পর্যন্ত অবগত নই। খোঁজ নিচ্ছি।”
ভোরের আকাশ/সু.পা