চাঁদপুরে ১০০ পিস ইয়াবাসহ মুদি দোকানদার গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ মো. নবীর হোসেন বেপারী (৩৫) নামের এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় মতলব উত্তর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর দশানী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কলাকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিজ মুদি দোকান থেকে নবীর হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার দোকান থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত নবীর হোসেন বেপারী উত্তর দশানী গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি মুদি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।