প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আর্থিক খাত ও বিনিয়োগ বিষয়ে সেমিনার

শিক্ষার্থীদের আর্থিক খাতে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা, বিনিয়োগের সঠিক ধারণা এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘আর্থিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার প্রস্তুতি, বিনিয়োগ সচেতনতা ও আর্থিক পরিকল্পনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের ক্যারিয়ার গাইডেন্স কমিটি সেমিনারটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বর্তমান সময়ে কর্মক্ষেত্রে সফল হতে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন করা জরুরি। বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হয়, বিনিয়োগের সম্ভাব্য ঝুঁকি ও সুফল কী এবং ব্যক্তিগত অর্থ কীভাবে পরিকল্পিতভাবে পরিচালনা করতে হয়—এসব বিষয়ে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর পেশাগত ভবিষ্যৎ নির্ধারণে সময়োপযোগী ক্যারিয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্ত গ্রহণের অভ্যাস ভবিষ্যৎ জীবনকে আরও সুশৃঙ্খল ও স্থিতিশীল করতে পারে। শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পদ ব্যবস্থাপনা বিভাগের আঞ্চলিক ব্যবসা বিভাগের প্রধান জনাব মো. রাশেল উদ্দিন।
অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা করেন সম্পদ ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক ও প্রধান জনাব নাফিউস নূর খান এবং একই বিভাগের পণ্য ও ব্যবসা ব্যবস্থাপনা বিভাগের প্রধান জনাব মো. জাহিদ হাসান।
আলোচনায় বক্তারা আর্থিক খাতে পেশাগত ক্যারিয়ারের সুযোগ, বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা, ঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনা, ব্যক্তিগত অর্থ পরিচালনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত ধারণা দেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং আর্থিক বিষয়ে জ্ঞান সমৃদ্ধ করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, বিনিয়োগের ক্ষেত্রে শুধু সম্ভাব্য লাভের দিকে নজর না দিয়ে সংশ্লিষ্ট ঝুঁকি, সময়কাল ও আর্থিক সক্ষমতা বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রয়োজনের কথা মাথায় রেখে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা গড়ে তোলার বিষয়েও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
সেমিনারে ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন অধ্যাপক এম. মঈনুল হক, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ক্যারিয়ার গাইডেন্স কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস। এ সময় কমিটির সদস্য সহকারী অধ্যাপক আফসানা ইয়েসমিন এবং সহকারী অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক খাতের পেশাগত পরিবেশ, ক্যারিয়ার গঠনের সম্ভাবনা, বিনিয়োগের বিষয়ে প্রয়োজনীয় সচেতনতা এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভের সুযোগ পান। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবন ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও প্রস্তুত করে তুলবে।
ভোরের আকাশ/আ.র