অযত্নে নষ্ট হওয়ার পথে ভাসানীর স্মৃতিচিহ্ন, দাবি আধুনিক জাদুঘর নির্মাণের

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ট্রাক্টরসহ তাঁর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সংরক্ষণের অভাবে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চীনের বিপ্লবী নেতা মাও সে-তুঙের উপহার দেওয়া ট্রাক্টরটিও দীর্ঘদিন যথাযথ পরিচর্যার অভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার উপক্রম হয়েছে।
টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব নিদর্শন থাকলেও সেগুলোর সংরক্ষণ ও প্রদর্শনে আরও পরিকল্পিত উদ্যোগের প্রয়োজন বলে মনে করছেন পরিবারের সদস্য, ভক্ত ও অনুসারীরা। তাঁদের দাবি, ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র ও স্মৃতিচিহ্ন নিয়ে সেখানে একটি আধুনিক জাদুঘর নির্মাণ করা হোক।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংরক্ষিত ট্রাক্টরটি শুধু একটি পুরোনো কৃষিযন্ত্র নয়; এটি বাংলাদেশ-চীন ঐতিহাসিক সম্পর্ক এবং মওলানা ভাসানীর কৃষকবান্ধব সমবায় দর্শনের স্মারক। ট্রাক্টরটির পাশাপাশি ক্যাম্পাসে রয়েছে তাঁর ব্যবহৃত টাইপরাইটারসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম। তবে দীর্ঘদিন যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব নিদর্শনের কয়েকটি নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।
ইতিহাস থেকে জানা যায়, মওলানা ভাসানী ১৯৬৩ সালে প্রথম এবং ১৯৬৪ সালে দ্বিতীয়বার চীন সফর করেন। ওই সফরের অভিজ্ঞতা নিয়ে তিনি ‘মাও সে-তুঙের দেশে’ শিরোনামে একটি বইও লেখেন। ১৯৬৬ সালে তৃতীয় ও শেষবার চীন সফরে গেলে দেশটির শীর্ষ নেতা মাও সে-তুঙ তাঁকে একটি ট্রাক্টর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ১৯৬৭ সালে চীন থেকে ট্রাক্টরটি বাংলাদেশে পাঠানো হয়।
সমবায় পদ্ধতিতে কৃষিকাজের উপযোগী ট্রাক্টরটি দিয়ে একসঙ্গে ৫০ একর জমি চাষ করা সম্ভব ছিল। দেশে আসার পর এটি প্রথমে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুরে মওলানা ভাসানীর কৃষি কার্যক্রমে ব্যবহার করা হয়। পরে ১৯৭৪ সালে ট্রাক্টরটি টাঙ্গাইলের সন্তোষে নিয়ে আসা হয়। জনকল্যাণের চিন্তা থেকে ট্রাক্টরটি বসিয়ে না রেখে কৃষিকাজে ব্যবহারের জন্য তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে হস্তান্তর করেন। বিএডিসি জামালপুরে কিছুদিন এটি ব্যবহার করে। একপর্যায়ে ট্রাক্টরটি অকেজো হয়ে পড়লে তা বিক্রির উদ্যোগ নেওয়া হয়।
খবর পেয়ে ১৯৯৫ সালে তৎকালীন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট বোর্ড ঐতিহাসিক ট্রাক্টরটি ক্যাম্পাসে ফিরিয়ে আনে। বর্তমানে এটি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
ভাসানীর ভক্ত রফিকুল ইসলাম জানান, ট্রাক্টরটি দীর্ঘদিন ক্যাম্পাসের পূর্ব পাশের একটি জায়গায় কিছুটা অযত্নে পড়ে ছিল। বর্তমানে এর কিছুটা পরিচর্যা করা হচ্ছে। তবে ভবিষ্যৎ প্রজন্ম ও দর্শনার্থীদের জন্য সব নিদর্শন আরও পরিকল্পিতভাবে সংরক্ষণ করা জরুরি।
মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী বলেন, ‘মাও সে-তুঙ বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই ট্রাক্টর উপহার দিয়েছিলেন। এটি আরও যত্নসহকারে সংরক্ষণের পাশাপাশি ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র ও বিদেশে তোলা ছবি একসঙ্গে রাখতে বড় পরিসরে একটি আধুনিক মিউজিয়াম নির্মাণের দাবি জানাচ্ছি।’
আরেক নাতি হাসরত খান ভাসানী বলেন, গত ২৪ বছরে মাজার ও স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণে যথেষ্ট উদ্যোগ ছিল না। তবে বর্তমান উপাচার্য তাঁদের পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন।
মওলানা ভাসানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হযরত আলী বলেন, মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত ট্রাক্টরটি দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন। যথাযথভাবে সংরক্ষণ করা না হলে কালের বিবর্তনে এটি হারিয়ে যেতে পারে। তাই তাঁর সব স্মৃতিচিহ্ন সুন্দরভাবে সংরক্ষণের দাবি জানান তিনি।
মওলানা ভাসানীর আরেক নাতি ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণের দাবি তাঁরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নিলেও তাঁদের প্রত্যাশা, আরও জোরালো উদ্যোগ নিয়ে সেখানে একটি আধুনিক জাদুঘর গড়ে তোলা হবে। ট্রাক্টর, সাবান কারখানাসহ ভাসানীর জীবনের সঙ্গে সংশ্লিষ্ট সব নিদর্শন সেখানে সংরক্ষণ করা হলে পরবর্তী প্রজন্ম তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত সবকিছু পরিদর্শন করেছেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও আলোচনা করেছেন।
তিনি বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, মওলানা ভাসানীর কোনো স্মৃতিচিহ্নই নষ্ট হতে দেব না। তাঁর ব্যবহৃত সব ঐতিহাসিক নিদর্শন যথাযথভাবে সংরক্ষণ ও সুন্দরভাবে উপস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু করেছি। এ উদ্যোগ অব্যাহত থাকবে।’
ভোরের আকাশ/সু.পা