বিজয়নগরে সিমেন্টসহ ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে রাসেল মিয়া (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক, হেলপারসহ আরও ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মিলন বাজার এলাকায় চান্দুরা-সিঙ্গারবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকচালক আবুল কালাম (৩৫), হেলপার জয়নাল (২২), শফিকুল ইসলাম (২২) ও শ্রমিক আমিনুল হক (২৫) আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক চম্পকনগর বাজারের দিকে যাচ্ছিল। পথে মিলন বাজার এলাকায় চলমান সড়ক নির্মাণকাজের একটি রোলারকে অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক রাসেল মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদেরও উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/ ইউএম