জয়পুরহাটে এনসিপির আহ্বায়কের পদত্যাগ

জয়পুরহাটে এনসিপির আহ্বায়কের পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস। শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণেই মূলত তিনি দলীয় পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
গত ২ জুলাই ২০২৬ তারিখে দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি এই পদত্যাগপত্র প্রেরণ করেন। পদত্যাগপত্রটি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের মাধ্যমে জমা দেওয়া হয়। তবে কেন্দ্র থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় শুক্রবার (১৭ জুলাই) তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।
পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, দীর্ঘ দিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও একাগ্রতার সাথে জয়পুরহাট জেলা এনএসিপির আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে জেলা ছাত্ররাজনীতি ও মূল দলের বিভিন্ন কর্মসূচিতে তিনি সর্বদা সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে বর্তমানে বয়স বৃদ্ধি, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক ব্যস্ততার কারণে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব যথাযথ ও সক্রিয়ভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিবেচনা থেকেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, পদ থেকে অব্যাহতি নিলেও দলের একজন সাধারণ সমর্থক ও সদস্য হিসেবে তিনি দলের মঙ্গল ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একি সাথে দায়িত্ব পালনকালে সকল নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে গোলাম কিবরিয়া তাপস বলেন, গত ২ জুলাই আমি লিখিত আবেদনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় আমি স্থানীয়ভাবে আমার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত) ইমরান ইমন বলেন, বিষয়টি আমি অনানুষ্ঠানিকভাবে শুনেছি। কিন্তু আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রটি আমার কাছে আসেনি।
ভোরের আকাশ/ইউএম