বরিশালে ঈদে র্যাব-৮ এর কড়া নিরাপত্তা: ২০ পেট্রোল টিম ও ড্রোন নজরদারি

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশাল বিভাগে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে র্যাব-৮। পশুর হাটে চাঁদাবাজি রোধ, জাল টাকা সনাক্তকরণ এবং নির্বিঘ্নে ঈদ জামাত সম্পন্ন করতে পুরো বিভাগজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) র্যাব-৮ এর সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে র্যাব-৮ এর আওতাধীন এলাকার গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে সর্বমোট ২০টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার প্রধান দিকগুলো হলো—
ড্রোন ও ওয়াচ টাওয়ার: কোরবানীর পশুর হাটে চাঁদাবাজি ও ভোগান্তি রোধে বিশেষ কন্ট্রোলরুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। এছাড়া আধুনিক ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
জালটাকা প্রতিরোধ: পশুর হাটে জালটাকা চক্র ঠেকাতে র্যাবের কন্ট্রোল রুমে অত্যাধুনিক জালটাকা সনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে।
ঈদগাহের নিরাপত্তা: প্রধান ঈদ জামাতগুলোতে পর্যাপ্ত টহল দলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
টার্মিনাল ও আবাসিক এলাকায় নজরদারি: ঘরমুখী মানুষের নিরাপত্তায় বাস-লঞ্চ টার্মিনাল, শপিং মল ও আবাসিক এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি চলছে র্যাবের ‘রোবাস্ট পেট্রোল’।
চেকপোস্ট ও নৌ-টহল: গুরুত্বপূর্ণ সড়কপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে। একই সঙ্গে নৌপথে ‘বোট পেট্রোল’ পরিচালনা করা হচ্ছে।
র্যাব-৮ কর্তৃপক্ষ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কার্যক্রমসহ অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। সার্বিকভাবে বরিশাল বিভাগের জনগণকে নিরাপদ ও আনন্দঘন ঈদ উপহার দিতে র্যাব-৮ বদ্ধপরিকর।
ভোরের আকাশ/এম