গোবিন্দগঞ্জে ১১৯ কেজি ওজনের দুই কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার, নারীসহ আটক ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে পাচারের সময় ১১৯ কেজি ওজনের দুটি কষ্টিপাথর সদৃশ পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মূর্তি দুটির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়। পরে শুক্রবার দুপুরে জয়পুরহাট ক্যাম্পের ২০ বিজিবি সদস্যরা আটক তিনজন ও উদ্ধার করা মূর্তি দুটি গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিজিবির দাবি, উদ্ধার করা মূর্তিগুলো কষ্টিপাথর সদৃশ। এগুলো পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে একটি চক্রের সদস্যরা নিজেদের হেফাজতে রেখেছিল।
আটক ব্যক্তিরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের আরিফ হোসেনের ছেলে আলিপ হোসেন (২২), একই গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী মোছা. সরজিনা আক্তার (৩০) এবং একই উপজেলার পণ্ডিতপুর জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৫০)।
এ ঘটনায় জয়পুরহাট ২০ বিজিবির জেসিও ১০৯২৭ সেকেন্দার আলী বাদী হয়ে আটক তিনজনসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/আ.র