বন্দরে ইজিবাইক গ্যারেজে ডাকাতি, ডাকাত সর্দার আটক

নারায়ণগঞ্জের বন্দরে ইজিবাইক গ্যারেজে হাত-পা বেঁধে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ব্যাটারি ও মালামাল লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. হৃদয়কে (২৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। বৃহস্পতিবার (২১ আগস্ট) র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন আদমপুর এলাকার সানরাইজ গার্ডেন সংলগ্ন ‘মরিয়ম অটো-সিএনজি’ নামে একটি ইজিবাইক গ্যারেজে বিভিন্ন লোকজন দৈনিক ভাড়ায় তাদের অটো ও রিকশা রেখে চার্জ দিয়ে আসছিলেন। গত ১ আগস্ট রাতের শেষভাগে একদল ডাকাত গ্যারেজে প্রবেশ করে।
ডাকাতরা গ্যারেজের ম্যানেজার মো. ফয়সালসহ অটো-রিকশার মালিক সাইদুল, রুবেল ও আব্দুল হককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখায়। পরে তাদের হাত-পা ও মুখ বেঁধে মাটিতে ফেলে রাখে। এরপর গ্যারেজের ক্যাশে থাকা ২২ হাজার টাকা এবং গ্যারেজে রাখা অটো-রিকশা, মিশুক ও ইজিবাইকের প্রায় ১০৬টি ব্যাটারিসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় ভুক্তভোগী গ্যারেজের মালিক বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ডাকাতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব-১১।
র্যাব-১১ জানায়, র্যাব-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জ ও র্যাব-৩ ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ আগস্ট ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাত দলের সর্দার মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয়ের বাড়ি বরিশালের মুলাদী থানার আলিমাবাদ এলাকায়। তার বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় মোট ৮টি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এহসান খান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। র্যাব-১১ আরও জানায়, অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি আন্তঃজেলা ডাকাত চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা