সিলেটে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

সিলেট নগরীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও সহিংস অপরাধ
দমনে বিশেষ অভিযান চালিয়ে তিন শতাধিক কিশোর ও তরুণকে
আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
প্রাথমিক যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ না
পাওয়ায় ১৭০ জনকে অভিভাবকদের জিম্মায় এবং মুচলেকা নিয়ে
ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি কমিশনারের কার্যালয়ে
আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম
(বিপিএম)।
তিনি জানান, অভিযানে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেসব
শিক্ষার্থীকে আটক করা হয়েছিল, তাদের অপরাধের মাত্রা
বিশ্লেষণ করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের জিম্মায়
হস্তান্তর করা হয়েছে।
তবে অপরাধমূলক কর্মকাণ্ডে প্রত্যক্ষ সম্পৃক্ততা ও মামলা
থাকায় অবশিষ্ট ১৩০ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী
যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, নগরবাসীর নিরাপত্তা
নিশ্চিত করা, জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং কিশোর ও
তরুণদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে পুলিশের এ ধরনের
সাঁড়াশি অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ইউএম