বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" শীর্ষক স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) বিকেল ৪:০০ টায় বরিশাল গাইড হাউজে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, বরিশাল অঞ্চল এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে তিনি বলেন,"জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গার্ল গাইডসের মতো সামাজিক ও সেবামূলক সংগঠনগুলো এ ধরনের উদ্যোগ নিয়ে সবুজ বাংলাদেশ গড়ার পথকে আরও মসৃণ করছে।"
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিশনার (চলতি দায়িত্বে) জাহান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা বুলবুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাইড, রেঞ্জার ও স্থানীয় কমিশনারসহ শতাধিক গাইড সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও গাইড সদস্যরা বরিশাল গাইড হাউজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন।
ভোরের আকাশ/এনউব