শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজন যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের এক সফল অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শিবগঞ্জ থানার মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজারের মোস্তফা মার্কেটের পিছনে এবং সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের বাথরুমের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ বিকেলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমানের নেতৃত্বে এএসআই মো. রেজাউল করিম ও অন্যান্য সঙ্গীয় ফোর্সসহ সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর পণ্ডিতপাড় গ্রামের মৃত আফসার আলীর ছেলে আসামি মো. রফিকুল (৩৩) এবং একই উপজেলার তারাপুর মোড়লপাড়া গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল ওরফে ডলারের সহযোগিতায় ১ নম্বর আসামি রফিকুলের কোমর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/আ.র