সরকার সকল জনগোষ্ঠীকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : জ্বালানিমন্ত্রী টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমার সরকার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলো, ইনশাআল্লাহ তার সন্তান তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবিত হবে, সত্যি কারের বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে।
শনিবার (১৬ মে) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র-নৃ গোষ্ঠী ফেডারেশনের আয়োজিত বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতি মিলন মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানচিত্রে যারা আমরা বসবাসকরি, সবাই বাঙালি না। বাঙালি সবচেয়ে বড় জনগোষ্ঠি, তারপরে সাওতাল, মোরা, হাজং, চাকমা, মারমা অনেক জনগোষ্ঠি আছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিল সব বাঙালি হয়ে যাও। এরপর পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিল, সে অশান্তি এখনও বিরাজমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
ভোরের আকাশ/ র.ই