খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সেমিনার

খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, সেবা ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সম্পর্কে অবহিতকরণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য নেওয়া বিভিন্ন সেবা এবং এসব কার্যক্রমের বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহর সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার।
এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি সেবাগুলো প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/আ.র