বাকৃবির নিরাপত্তাকর্মীদের ‘ব্যান্ড বিষয়ক প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা শাখার নিরাপত্তাকর্মীদের ‘ব্যান্ড বিষয়ক প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় প্রধান অতিথির আগমন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং বিভিন্ন শাখার পরিচালকরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা এএসএম খায়রুল ফাত্তাহ। এ সময় স্টেডিয়ামে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন। পাশাপাশি ব্যাচভিত্তিক প্রশিক্ষণার্থীদের স্মারক প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনের দক্ষতা, শৃঙ্খলা ও পেশাগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিরাপত্তাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করতে ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।