জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কঠোর হুঁশিয়ারি দিল পুলিশ সুপার

জঙ্গল সলিমপুর থেকে পিছু হটার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি জানান, এলাকায় যেসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সোমবার সকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলিনগর স্কুল এলাকায় অভিযান পরিচালনার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসপি মাসুদ আলমের ভাষ্য অনুযায়ী, নতুন একটি অস্থায়ী ক্যাম্প নির্মাণ ঠেকাতেই রোববার গভীর রাতে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার আগে বিভিন্ন স্থানে ভেকু মেশিন দিয়ে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে আলিনগর এলাকায় নির্মাণাধীন ক্যাম্প লক্ষ্য করে হামলা হয়।
তিনি জানান, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর দুটি ক্যাম্প রয়েছে—একটি প্রবেশমুখে এবং অন্যটি আলিনগর এলাকায়। নতুন ক্যাম্পটি স্থাপন করা হচ্ছিল যাতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে স্থায়ীভাবে অবস্থান নিতে পারে। তবে হামলাকারীরা সেটি বাধাগ্রস্ত করার চেষ্টা করে।
আলিনগর স্কুলে র্যাব, পুলিশ, এপিবিএন ও আরআরএফ সদস্যরা অবস্থান করছিলেন। হামলাকারীরা যাতে বাহিনীর সদস্যরা ক্যাম্পের বাইরে যেতে না পারেন, সেজন্য কিছু ক্ষেত্রে আগ্নেয়াস্ত্রও ব্যবহার করে। জবাবে যৌথ বাহিনীর সদস্যরা শর্টগান, চাইনিজ রাইফেল ও গ্যাস গান ব্যবহার করেন।
পুলিশ সুপার আরও জানান, পুরো ঘটনায় পুলিশের পক্ষ থেকে ১০৪ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে। কঠোর প্রতিরোধের কারণে হামলাকারীরা ক্যাম্পে প্রবেশ করতে পারেনি এবং বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি। তবে এক্সক্যাভেটর দিয়ে ক্যাম্পের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
তিনি বলেন, রাস্তা কেটে দেওয়ার কারণে অনেক সদস্যকে হেঁটে ঘটনাস্থলে যেতে হয়েছে। পরে হামলাকারীরা পাহাড়ি এলাকায় সরে যায়। তার মতে, এলাকায় বিপুল অর্থনৈতিক স্বার্থ জড়িত থাকায় সন্ত্রাসীরা আধিপত্য বজায় রাখতে এমন হামলা চালিয়েছে। দ্রুত সড়ক নির্মাণ করা গেলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় অংশ উন্নত হবে।
ভোরের আকাশ/এনউব