হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা এমরান নিহত

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি হাটহাজারী ইট ভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান চৌধুরী (৩৮) নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড়স্থ মসজিদ সংলগ্ন হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফ নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
দুই সন্তানের পিতা নিহত এমরান চৌধুরী ওই ইউপির ৭নং ওয়ার্ডস্থ চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাং এর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত একটার দিকে এমরান চৌধুরী ও একই বাড়ির মুছার পুত্র আরিফ বুড়িপুকুর পাড় এলাকার একটি চায়ের দোকান থেকে চা খেয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চারিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় পেছনে আসা বেপরোয়া গতির একটি কাঠ বোঝাইকৃত অবৈধ চাঁদের গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং তাদের বহন করা মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে চাঁদের গাড়ির নিচে চাপা পড়ে যায়।
এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে এমরান চৌধুরীকে এভার কেয়ার হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে অপরদিকে গুরুতর আরিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করেন।
প্রত্যক্ষদর্শী ওই এলাকার কামাল ও ঘটনাস্থলে উপস্থিত চারিয়া এলাকার আবদুল মতিন রুবেল রাত দুইটার দিকে এ প্রতিবেদককে জানান, বর্তমানে গুরুতর আহত আরিফ চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/জাআ