ফুলবাড়ীতে কিশোরী বধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শুকতারা (১৬) নামে এক কিশোরী নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার ধরলার চরাঞ্চল যতীন্দ্রনারায়ণ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুকতারা ওই এলাকার সুলতান আলী ও ছকিনা বেগম দম্পতির মেয়ে।
স্থানীয়রা জানায়, প্রায় ৮-১০ দিন আগে লালমনিরহাট সদর উপজেলার খারুয়া এলাকার সামসুল হকের (২২) সঙ্গে পারিবারিকভাবে কিশোরী শুকতারার বিয়ে হয়। তবে ওই বিয়েতে তিনি রাজি ছিলেন না বলে স্থানীয়দের দাবি। বিয়ের পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।
রোববার (৩০ আগস্ট) রাতে পরিবারের সদস্যরা বাড়ীর একটি ঘরে শুকতারার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনা নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/সু.পা