সিংগাইরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইরে ২৩ বছর বয়সী এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর চোখ-মুখ ও শরীরে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে বের হন ওই গৃহবধূ। বাথরুম থেকে বের হওয়ার পর আগে থেকে ওৎ পেতে থাকা মুখোশধারী পাঁচ যুবক তার মুখ চেপে ধরে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির অদূরে একটি কৃষিজমিতে নিয়ে গিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, প্রায় এক ঘণ্টা পর কাপড় ও ওড়না দিয়ে ওই গৃহবধূর হাত-পা বেঁধে সেখানে ফেলে যায় অভিযুক্তরা। যাওয়ার সময় তার চোখ-মুখসহ শরীরে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় তারা।
পরে তার আর্তচিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। ঘটনার সময় তারা স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বলছিল।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/ ইউএম